প্রেস বিজ্ঞপ্তি (০৩ মে, ২০২৬): নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে “শুরুর উচ্ছ্বাস, বিদায়ের আবেগ, সাফল্যের স্বীকৃতি” শিরোনামে নবীন বরণ, বিদায় ও অ্যাডভোকেট সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে, ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষ অসুস্থ হলে যেমন চিকিৎসকের কাছে যায়, তেমনি বিপদে পড়লে আইনজীবীর শরণাপন্ন হয়। তাই আইন পেশা সমাজের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত। একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে।” তিনি আরও বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দিয়ে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম। তিনি বলেন, “নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি পরিচ্ছন্ন ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষকরা গুণগত শিক্ষা প্রদান করে দক্ষ মানবসম্পদ তৈরি করছেন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে একটি আধুনিক মুট কোর্ট রয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তবধর্মী আইনি শিক্ষা গ্রহণে সহায়তা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বিভাগের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এবং নিজেদের সাফল্যের মাধ্যমে দেশ ও সমাজকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএসসির পরিচালক ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন লুবনা এবং সমাপনী বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক সামিয়া হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ.ম. মহসিনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বার কাউন্সিলে উত্তীর্ণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।